সাদাকাহর সঠিক নিয়ত ও পদ্ধতি
যে বাগান নিজেই পুড়ে যায়: সূরা বাকারার ২৬৬ নম্বর আয়াতের আলোকে সাদাকাহর সঠিক নিয়ত ও পদ্ধতি
—নোমান আলী খান সূরা বাকারার ২৬৪ থেকে ২৬৬ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি অনন্য উপমার মাধ্যমে আমাদের সামনে এক গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সত্য উন্মোচন করেছেন। আলোচনার মূল বিষয়—সাদাকাহ বা আল্লাহর পথে দান। তবে এই আলোচনা কেবল ‘দান করা বা না করা’র সরল সমীকরণ নয়; বরং এর ভেতরের দর্শনটি আরও সূক্ষ্ম, আরও মনস্তাত্ত্বিক। আল্লাহ এখানে স্পষ্ট করেছেন: দানের পরিমাণ কত, তা মুখ্য নয়; বরং কোন নিয়তে এবং কোন পদ্ধতিতে দান করা হচ্ছে—সেটাই আসল ব্যবধান গড়ে দেয়। সঠিক নিয়তে করা দান একটি ক্ষুদ্র বীজের মতো, যা থেকে অঙ্কুরিত বৃক্ষ সাতশত গুণ পর্যন্ত ফল দেয়। পক্ষান্তরে, ভুল নিয়তে করা দান—তা অবয়বে যতই বিশাল হোক না কেন—এমন এক বাগানের মতো, যার ভেতরে হঠাৎ আগুন প্রবেশ করে সবকিছু ছাই করে দেয়। বিশেষ করে ২৬৬ নম্বর আয়াতটি হলো সেই চূড়ান্ত রূপক, যেখানে আল্লাহ এই পুরো বিষয়টিকে আমাদের একান্ত ব্যক্তিগত অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়েছেন। "তোমাদের কেউ কি চাইবে না?" — স্বপ্নের বাগান -------------------------------------- আল্লাহ তায়ালা বলেন, أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ “তোমাদের কেউ কি পছন্দ করবে যে, তার একটি খেজুর ও আঙুরের বাগান থাকবে...” এই প্রশ্নটির সম্বোধন লক্ষ্য করুন। আল্লাহ এখানে সামগ্রিকভাবে ‘তোমরা’ বলেননি, বলেছেন ‘তোমাদের প্রত্যেকে’। ফলে প্রশ্নটি সরাসরি আপনার, আমার এবং আমাদের ব্যক্তিসত্তার। একজন মুমিন যখনই ‘জান্নাত’ (বাগান) শব্দটি শোনে, তার মন অবচেতনভাবেই পরকালের অনন্ত সুখের দিকে ধাবিত হয়। কিন্তু এই আয়াতে আল্লাহ পরকালীন জান্নাতের ধারণাকে দুনিয়াবি বাস্তবতার সমান্তরালে এনে এক অসাধারণ রূপক তৈরি করেছেন। প্রাচীন আরবের অর্থনৈতিক প্রেক্ষাপটে খেজুর গাছ ছাড়া বাগানের অস্তিত্ব কল্পনা করা যেত না। এটি ছিল এক নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ—যা সব ঋতুতে টিকে থাকে, যার উপযোগিতা বহুমুখী এবং যা সাধারণ মানুষেরও সাধ্যের নাগালের মধ্যে। আর আঙুর? তা ছিল চরম বিলাসবহুল, উচ্চমূল্য ও ঝুঁকিপূর্ণ ফসল। এর জন্য প্রয়োজন বাড়তি যত্ন ও বিশেষ দক্ষতা, তবে এর লভ্যাংশও আকাশচুম্বী। অর্থাৎ, উপমার ছলে আল্লাহ যেন বলছেন: তুমি কি এমন এক সুরক্ষিত ও লাভজনক খামার বা ব্যবসা পছন্দ করবে না, যেখানে একদিকে যেমন নিশ্চিত ও টেকসই আয় আছে, অন্যদিকে রয়েছে উচ্চ মুনাফার দারুণ সম্ভাবনা? এরপর আল্লাহ বলছেন: “যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত।” এটি কেবল কোনো নান্দনিক দৃশ্যপট নয়, বরং এর গভীর অর্থ হলো—এই বাগানে বাইরে থেকে পানি সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই; এটি স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংক্রিয় এবং এর উৎপাদন প্রক্রিয়া আপন গতিতেই সচল। তদুপরি, সেখানে রয়েছে “সব ধরনের ফল”—অর্থাৎ প্রতিটি বিনিয়োগই ফলপ্রসূ, প্রতিটি উদ্যোগই শতভাগ সফল। এই পর্যন্ত এসে দৃশ্যপটটিকে পরম কাঙ্ক্ষিত মনে হয়। আমাদের প্রত্যেকের স্বপ্নই তো এমন এক নিষ্কণ্টক প্রাপ্তি! কিন্তু ঠিক এর পরপরই আয়াতের আবহ নাটকীয়ভাবে মোড় নেয়। বার্ধক্য, দুর্বল বংশধর এবং আগুনের ঘূর্ণিঝড় ------------------------------------- এরপর আল্লাহ বলেন, وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ “...এবং সে বার্ধক্যে উপনীত হবে, আর তার থাকবে কিছু দুর্বল সন্তান-সন্ততি...” এখানে ব্যবহৃত إِصَابَة (আঘাত বা পতিত হওয়া) শব্দটি বিশেষভাবে লক্ষণীয়। ঠিক এর আগের আয়াতে এই শব্দটিই ব্যবহার করা হয়েছিল প্রবল মুষলধারে বৃষ্টির ক্ষেত্রে। প্রবল বৃষ্টি যেমন আকস্মিকভাবে আঘাত হেনে মাটির ভেতরের আসল রূপ প্রকাশ করে দেয়, বার্ধক্যও মানুষের জীবনে ঠিক সেভাবেই আসে। সারাজীবন মানুষ যা কিছু গড়ে তোলে, বার্ধক্য এসে তার ভেতরের অসারতাকে উন্মোচিত করে দেয়। দৃশ্যটি কল্পনা করুন। পাহাড়ের পাদদেশে এক নয়নাভিরাম উদ্যান, নিচে কলকল ধ্বনিতে বয়ে চলা ঝরনা, থরে থরে সাজানো খেজুরের সারি আর আঙুরের মাচা। সবকিছুই পূর্ণতায় উপচে পড়ছে। অথচ সেই বাগানে হেঁটে বেড়ানোর মতো শক্তি আজ আর বৃদ্ধের পায়ে নেই। ঝরনার শীতল পানিতে নামার মতো শরীর অবশিষ্ট নেই। বাগানটি তার রূপের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মালিক আজ কেবলই এক দূরবর্তী, অক্ষম দর্শক। বাইরে রাজকীয় জান্নাত, অথচ অন্তরে এক হাহাকার! এরপর যুক্ত হলো আরও এক নির্মম বাস্তবতা। আল্লাহ এখানে ‘ছোট শিশু’ বলেননি, বলেছেন ‘দুর্বল বংশধর’। ذُرِّيَّة শব্দটি কেবল সন্তান নয়, বরং নাতি-নাতনিসহ অনাগত প্রজন্মকে নির্দেশ করে। আর তাদের সবার সাধারণ বৈশিষ্ট্য একটাই: তারা ‘দুর্বল’। তারা দুর্বল কেন? কারণ, যে পিতা এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, তিনি শুরু করেছিলেন শূন্য থেকে। প্রতিটি গাছ রোপণ করতে, প্রতিটি লতা আঁকড়ে ধরাতে তাকে কতটা ঘাম ঝরাতে হয়েছে, তা তিনি জানেন। কিন্তু তার সন্তানরা? তারা চোখ খুলেই এক প্রস্তুত স্বর্গ পেয়েছে। অবারিত অর্থ আর ফলের প্রাচুর্য দেখে অভ্যস্ত হওয়ায় তারা শ্রমের মূল্য শেখেনি, সংগ্রামের পথে হাঁটেনি। শারীরিক সক্ষমতা থাকলেও মনস্তাত্ত্বিকভাবে তারা পঙ্গু ও পরনির্ভরশীল। এই বিশাল ঐতিহ্য বা বাগান রক্ষা করার নূন্যতম যোগ্যতা তাদের নেই। পৃথিবীর বহু সফল উদ্যোক্তার জীবনে এই ট্র্যাজেডি আমরা হরহামেশা দেখি—পিতার মৃত্যুর পর কয়েক মাসের মধ্যেই সন্তানরা তার তিল তিল করে গড়া সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেয়। এই বৃদ্ধ মানুষটিও তা টের পাচ্ছেন। ফলে বার্ধক্যের শারীরিক যন্ত্রণার সাথে এখন যোগ হয়েছে তীব্র মানসিক উদ্বেগ—‘আমি চলে গেলে এই বিপুল ঐশ্বর্যের কী হবে?’ সেই চরম উৎকণ্ঠার মুহূর্তেই ধেয়ে এলো শেষ আঘাত। আল্লাহ তায়ালা বলেন, فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ “...অতঃপর সেই বাগানে আঘাত হানল এক অগ্নিঝড়, ফলে তা পুড়ে ছাই হয়ে গেল।” আরবি শব্দ إِعْصَار মানে সাধারণ হাওয়া নয়; এটি এক প্রলয়ংকরী টর্নেডো বা ঘূর্ণিঝড়। আর এই ঝড়ের গর্ভে রয়েছে লেলিহান আগুন। আবহাওয়াবিদ্যায় ‘ফায়ার টর্নেডো’র মতো যে বিধ্বংসী রূপ দেখা যায়, এটি ঠিক তা-ই। সাধারণ ঝড় কোনো কিছুকে ভেঙে ফেললে ধ্বংসস্তূপ থেকে কিছু না কিছু উদ্ধার করা যায়; কিন্তু আগুনের ঘূর্ণিঝড় যা স্পর্শ করে, তা আর অবশিষ্ট থাকে না। আল্লাহ এখানে চমৎকার একটি শব্দ চয়ন করেছেন—فَاحْتَرَقَتْ। এর অর্থ শুধু ‘তা পুড়ে গেল’ নয়, বরং ‘সেটি নিজেই দাউদাউ করে জ্বলে উঠল’। যেন বাগানটি ভেতর থেকেই এতটাই শুষ্ক ও অরক্ষিত ছিল যে, সামান্য স্ফুলিঙ্গেই তা আত্মাহুতি দিল। যে বৃদ্ধ এতক্ষণ ভাবছিলেন তার মৃত্যুর পর হয়তো অযোগ্য সন্তানরা বাগানটি ধ্বংস করবে, আল্লাহ তাকে জীবদ্দশাতেই দেখিয়ে দিলেন—সন্তানদের অযোগ্যতা পর্যন্ত অপেক্ষারও প্রয়োজন নেই। সারাজীবনের শ্রমের ফসল চোখের পলকে তার নিজের সামনেই পুড়ে ছাই হয়ে গেল, আর তিনি কেবলই এক নিঃসহায় দর্শক। মূল প্রশ্ন: এই মর্মন্তুদ উপমা কার জন্য? ------------------------------ এবার একটু থমকে দাঁড়িয়ে ভাবা দরকার—আল্লাহ এই ভয়াবহ উপমাটি কাদের উদ্দেশ্যে দিচ্ছেন? এর উত্তর রয়েছে এর ঠিক আগের আয়াতগুলোতে। ২৬৪ নম্বর আয়াতে আল্লাহ সেই দানকারীর কথা বলেছেন, যে দান করার পর খোঁটা দেয় এবং গ্রহীতাকে মানসিক কষ্ট দেয় (المَنُّ وَالأَذَى)। এই ব্যক্তি কিন্তু মুমিন, তবে তার দানের নিয়ত ও পদ্ধতিতে বাসা বেঁধেছে এক মারাত্মক ব্যাধি। ২৬৬ নম্বর আয়াতের এই অসহায় বাগানের মালিক মূলত সেই খোঁটা দেওয়া দাতারই জীবন্ত প্রতীক। সে সারাজীবন প্রচুর দান-সদকাহ করেছে; হয়তো মসজিদ বানিয়েছে, মাদ্রাসায় অর্থ ঢেলেছে, অনাথদের পাশে দাঁড়িয়েছে। তার আমলনামায় পুণ্য বা সওয়াবের এক বিশাল বাগান গড়ে উঠেছিল। কিন্তু পরক্ষণেই সে অবলীলায় মানুষকে মনে করিয়ে দিয়েছে—"জানেন, এই মসজিদটা কে তৈরি করেছে? আমি টাকা না দিলে এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত।" সে মানুষের কাছে সম্মান চেয়েছে, নিজের নামের ঢাক পিটিয়েছে, একটু স্বীকৃতি চেয়েছে। আর ঠিক এই ‘মান’ ও ‘আজা’র (খোঁটা ও কষ্ট) কারণেই আখিরাতের ময়দানে তার পুণ্যময় বাগানের ওপর আল্লাহর পক্ষ থেকে আগুনের ঘূর্ণিঝড় এসে পড়বে। পরিণতিতে, তার আমলনামার সবটুকু পুণ্য পুড়ে ছাই হয়ে যাবে। খোঁটা ও কষ্ট: নিজের হাতে নিজের বাগান পোড়ানো ----------------------------------------------------------- কুরআন এসেছে, لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ -“তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকাহসমূহকে বাতিল করো না।” (সূরা বাকারা: ২৬৪) আরবি المَنُّ (খোঁটা) এবং الأَذَى (কষ্ট দেওয়া)—এই দুটি আচরণ মানুষের সমস্ত নেক আমলকে নিষ্ফল করে দেয়। কিন্তু কীভাবে? এখানে কুরআনের মনস্তাত্ত্বিক উপমাটি অনন্য। সেই বৃদ্ধ লোকটির কথা ভাবুন, যে নিজেকে সমাজ বা পরিবার থেকে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যেতে দেখছে। একসময় সবাই তাকে সমীহ করত, তার কথায় ওঠবস করত। এখন সে স্থবির, তরুণ প্রজন্ম সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই অপূর্ণতা ঢাকতে সে সুযোগ পেলেই অহংকার করে ওঠে—"মনে রেখো, এই ভিত আমার গড়া! আমি না থাকলে আজ তোমাদের কোনো অস্তিত্ব থাকত না।" এটাই হলো ‘মান’ বা খোঁটা। আর এই আত্মঅহংকারই তার আমলনামার বাগানে স্ফুলিঙ্গের কাজ করে। সে নিজের অজান্তেই, নিজের মুখে, নিজের সারাজীবনের সঞ্চয় পুড়িয়ে খাক করে দেয়। দুনিয়ার চোখে হয়তো সে তখনও একজন বিশিষ্ট দানবীর বা সম্মানিত ব্যক্তি; কিন্তু আল্লাহর দরবারে তার পুণ্যভূমি ততক্ষণে এক চিলতে ছাইয়ের স্তূপ। আল্লাহর দরবারে বিনিয়োগ বনাম নিজের নামে বিনিয়োগ --------------------------------------------- ------------------------- আল্লাহ তায়ালা বলেন, يُرْبِي الصَّدَقَاتِ “...এবং তিনি সদকাহকে ক্রমান্বয়ে বৃদ্ধি করেন।” (সূরা বাকারা: ২৭৬) কুরআনে আল্লাহ এখানে দুটি ভিন্নধর্মী বিনিয়োগের তুলনা করেছেন। সঠিক নিয়তে করা দানের উপমা ছিল একটি ক্ষুদ্র বীজের মতো—যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে সাতশত গুণ বা তার চেয়েও বেশি হয়ে যায়। সেই পুণ্য প্রাকৃতিকভাবেই বাড়ে, যার হিসাব মানুষের গণনার বাইরে। আর ভুল নিয়তে করা দানের উপমা হলো এই বিশাল বাগান, যা দৃশ্যত চমৎকার হলেও একঝটকায় ধ্বংস হয়ে যায়। মূল পার্থক্যটি কোথায়? আপনি যখন নিখাদ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন, আল্লাহ স্বয়ং সেই পুণ্য দেখভালের দায়িত্ব নেন। তা পাহারা দেওয়ার বা দুনিয়াকে ডেকে দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ নিজ অনুগ্রহে তাকে লালন-পালন করে বহুগুণ বাড়িয়ে দেন। একটু গভীরভাবে ভাবুন: -------------------- আপনি হয়তো কোনো দ্বীনি প্রতিষ্ঠানে বা মসজিদে সামান্য কিছু অর্থ দিলেন। সেখানে কোনো এক শিশু কুরআন শিখল। সে বড় হয়ে আরও দশজনকে আলো ছড়াল। তাদের কেউ একজন দ্বীনের বড় দাঈ বা আলেম হলেন। এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে কল্যাণের একটি অবিচ্ছিন্ন ধারা (Chain Reaction) তৈরি হলো, তার প্রতিটি কাজের একটি গোপন লভ্যাংশ বা সওয়াব আপনার আমলনামায় স্বয়ংক্রিয়ভাবে জমা হতে থাকবে। দুনিয়াতে আপনার নাম কেউ না জানলেও আল্লাহর ফেরেশতাদের খাতায় তা ঠিকই সংরক্ষিত থাকে। কিন্তু যখন আপনি নিজের নাম ফুটানোর জন্য, নিজের অহংবোধ তৃপ্ত করার জন্য একটি ‘সাম্রাজ্য’ গড়েন—তখন তার সুরক্ষার সমস্ত দায়ভার আপনার নিজের কাঁধেই বর্তায়। আপনাকে নিশ্চিত করতে হবে বাহ্যিক ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, আপনার উত্তরসূরিরা যোগ্য কিনা—অর্থাৎ সর্বত্রই ‘আমি, আমার, আমার নাম’। এবং সবশেষে ট্র্যাজেডি হলো: হয় আপনি নিজে তা ভোগ করতে পারবেন না, নয়তো আপনার অযোগ্য প্রজন্ম তা ধ্বংস করবে, কিংবা কালের কোনো এক ঘূর্ণিঝড় এসে তা নিশ্চিহ্ন করে দেবে। এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কারণ, আপনি তো তা পরকালের জন্য করেননি। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন আল্লাহ তার সওয়াব সংরক্ষণ করতেন আর জান্নাতে অনন্তকাল ধরে তার ফলাফল ভোগ করতে থাকতেন। [হাদিসে এসেছে, "আস-সাদাকাতু বুরহান" (الصَّدَقَةُ بُرْهَانٌ), যার অর্থ—"দান বা সাদাকাহ হলো (ঈমানের) প্রমাণ।" মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাতে বিশ্বাস করেন এ জন্যই তো দানটি করেছেন। যদি জান্নাতের জন্য দান করে থাকেন তাহলে তো ঐ দান থেকে এই দুনিয়ায় কোনো ফলাফল আপনার আশা করার কথা না। মানুষের কাছ থেকে কোনো বিনিময়, কৃতজ্ঞতা, খ্যাতি, সুনাম কোনো কিছুই আপনার আশা করার কথা না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন