ইসলামে ‘সুখ’ কী, জীবনে সুখী হওয়ার উপায় কী কী
সুখ মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অনুভূতি। মানুষ আজীবন এই এক পরশপাথরের খোঁজেই ছুটে চলে। কিন্তু আধুনিক যুগে এসে সুখের সংজ্ঞা যেন বড় অদ্ভুত রূপ নিয়েছে।
শপিং মলের জমকালো আয়োজন, বিনোদনজগতের হাতছানি কিংবা নামীদামি ব্র্যান্ড—সবাই আজ মানুষের কাছে ‘সুখ’ বিক্রি করতে ব্যস্ত।
মানুষের ভেতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে, প্রচুর টাকা, ক্ষমতা আর ভোগবিলাসের মধ্যেই বুঝি লুকিয়ে আছে জীবনের আসল তৃপ্তি। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।
মানুষ যত বেশি বস্তুগত অর্জনের পেছনে ছুটছে, তার একাকীত্ব আর মনের বিষাদ ততই বাড়ছে।
সুখী হওয়ার মরীচিকা
সুখ নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ভাবনা আবর্তিত হয়েছে। মধ্যযুগে খ্রিষ্টীয় দর্শনে মনে করা হতো, আদি পাপের কারণে এই পৃথিবীতে মানুষের পক্ষে নিখুঁত সুখ লাভ করা সম্ভব নয়। (সেন্ট অগাস্টিন, দ্য সিটি অব গড, ২/৩১৫, পেঙ্গুইন ক্লাসিকস, লন্ডন, ২০০৩)
অষ্টাদশ শতকে এসে টমাস জেফারসনের সুখের অন্বেষণকে মানুষের অন্যতম অধিকার হিসেবে ঘোষণা করেন। পরে তিনিও স্বীকার করেছিলেন, পার্থিব জীবনে বিপদ-আপদ এত বেশি যে নিরবচ্ছিন্ন সুখ পাওয়া প্রায় অসম্ভব। (টমাস জেফারসন, নোটস ফর অ্যান অটোবায়োগ্রাফি, পৃষ্ঠা: ৪৫, লাইব্রেরি অব আমেরিকা, নিউ ইয়র্ক, ১৯৮৪)
প্রচুর ধন-সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী তো সে-ই, যার অন্তর ধনী।
উনিশ শতকের পর থেকে ভোগবাদ সুখকে আল্লাহর জায়গা থেকে সরিয়ে জাগতিক পণ্যে রূপান্তর করেছে। অথচ আধুনিক বিশ্বে মানুষের মাথাপিছু আয় ও বৈষয়িক স্বাচ্ছন্দ্য দ্বিগুণেরও বেশি বাড়লেও মানুষের সামগ্রিক সুখের মাত্রা বাড়েনি; বরং হতাশা ও বিষণ্নতা বেড়েছে।
কারণ, বাইরের প্রাচুর্য দিয়ে ভেতরের হাহাকার কখনো মেটানো যায় না। এই চিরন্তন সত্যটি প্রিয় নবী (সা.) দরদ দিয়ে এক বাক্যে স্পষ্ট করে দিয়েছেন, ‘প্রচুর ধন-সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী তো সে-ই, যার অন্তর ধনী।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন