চার হুনাফার কাহিনী
ড. আদনান ফায়সাল ইতিহাসগ্রন্থ ঘাঁটলে ঐ কুস ইবনে সাঈদা ছাড়াও আরো ৪ জন হানিফ (বহুবচন – হুনাফা) পাওয়া যায়। (“হানিফ” শব্দের অর্থ হলো “ফিরে যাওয়া”। হানিফ বা হুনাফা হলো তারাই যারা পৌত্তলিকতার যুগে পৌত্তলিকতার দিকে না গিয়ে বরং নিজের বিবেক-বুদ্ধি ব্যবহার করে ফিরে গিয়েছে এক আল্লাহর দিকে।) আসুন এই চার হুনাফা সম্পর্কে জানি। ইবনে হিশাম বর্ণনা করেন – প্রিয়নবী মুহাম্মাদ(সা) এর জন্মের কয়েক বছর আগে (ধারণা করা যেতে পারে ১৫-২০ বছর আগে), কুরাইশরা একবার এক মহা উপাসনা উৎসব বা পূজার আয়োজন করে। বিশালকার আয়োজন আর অনেক লোকের জনসমাগম হবে – তাই তারা উৎসবটা মক্কার বাইরে আয়োজন করে। সমস্ত মক্কাবাসী যখন সেই মহাপূজা যোগ দিতে মক্কার বাইরে চলে গেল, তখন ৪ জন মানুষ মক্কায় রয়ে গেল। তারা কা’বার পাশে যখন একজন আরেকজনকে দেখল – তখন একে অপরের দিকে চাওয়া-চাওয়ি করতে লাগল। একজন আরেকজনের দিকে তাকিয়ে বুঝে গেল যা বোঝার – এদের ৪ জনেই কেউই মূর্তিপূজাকে ঠিক বলে মনে করে না। এই চার ব্যক্তি কারা ছিল? এদের নাম হলো – ওয়ারাকা ইবনে নোওফেল ইবনে আসাদ (ইনি খাদিজা(রা) এর চাচাত ভাই কিন্তু বয়সে প্রায় ৪০-৫০ বছর বড়), উবা...